মেয়েটির প্রতি তাঁর আকর্ষণ এত চরম পর্যায়ে পৌঁছল যে, মেয়েটিকে পাওয়ার জন্য সে এক জাদুকরের কাছে গেল। জাদুকরকে বলল কিছু ব্ল্যাক ম্যাজিক করে মেয়েটিকে তার কাছে এনে দিতে।
জাদুকর সেই ব্যক্তিকে বলল, মেয়েটির উপর ব্ল্যাক ম্যাজিক কাজ করবে, কিন্তু এজন্য তাকে একটা কাজ করতে হবে। সে টানা ৪০ দিন কোনো ভালো কাজ করতে পারবে না, একটা ভালো কাজও না।
জাদুকর এর কারণ ব্যাখ্যা করে বলল, তার জাদু শুধু মন্দ লোকেদের জন্য কাজ করে, যাদের অন্তরে কোনো ঈমান নেই।
জাদুকরের কথামতো সেই ব্যক্তি ফিরে এল এবং পরের ৪০ দিন এমন কোনো খারাপ কাজ নেই সে করেনি! একজন মানুষের পক্ষে যতটা খারাপ হওয়া যায়, সে তাই করল। খুব খেয়াল রাখল, তার মাধ্যমে যেন একটা ভালো কাজও না হয়।
৪০ দিন পর সে আবার জাদুকরের কাছে গেল।
জাদুকর তার ব্ল্যাক ম্যাজিক দিয়ে মেয়েটিকে বশ করার চেষ্টা করল। কিন্তু জাদু কাজ করল না।
—‘তুমি কি এই ৪০ দিনে কোনো ভালো কাজ করেছ?’—জিজ্ঞেস করল জাদুকর।
— ‘না তো! আল্লাহর কসম! আমি এই ৪০ দিনে একটাও ভালো কাজ করিনি।’
— ‘ভালোভাবে চিন্তা করে বলো। নিশ্চয় তুমি কোনো না কোনো ভালো কাজ করেছ। আর সেজন্যই জাদু কাজ করছে না।’
লোকটি অনেক্ষণ চিন্তা করে জবাব দিল,
—‘তবে হ্যাঁ, একদিন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি সূচালো পাথর দেখতে পেলাম। কারও পায়ে লেগে আঘাত পেতে পারে এই ভেবে আমি পাথরটি লাথি মেরে সরিয়ে দিয়েছিলাম।’
—‘আমি জানতাম এরকম কিছু নিশ্চয় ঘটেছে। আর লানত তোমার উপর! কত অকৃতজ্ঞ বান্দা তুমি। তোমার রব সামান্য একটা পাথর খণ্ড দিয়ে তোমার ঈমান বাঁচালেন, আর তুমি কি না সামান্য একটা মেয়ের জন্য সেই ঈমান ছেড়ে দিতেও পিছপা হচ্ছো না।’
এবার সেই ব্যক্তি লজ্জায় পড়ে গেল। সত্যিই তো। টানা ৪০ দিন ধরে সে চেষ্টা করে যাচ্ছে ভালো কাজ থেকে বাঁচতে, ঈমান হারা হতে, অথচ আল্লাহ সামান্য একটা পাথর দিয়ে তাকে রক্ষা করলেন।”
অনেক সময় আমরা হয়তো বুঝতে পারি না, আল্লাহ কীভাবে আমাদেরকে রক্ষা করছেন। হয়তো আপাতদৃষ্টিতে কিছু আমাদের পছন্দ হচ্ছে না, কিন্তু হয়তো এর মধ্যেই কোনো কল্যাণ আছে। আবার হয়তো আমরা খুব করে কিছু একটা চাচ্ছি, কিন্তু এর মধ্যে হয়তো আমাদের জন্য কল্যাণ নেই। আমরা জানি না, কিন্তু আমাদের রব ঠিকই জানেন।
একসময় আল্লাহর কাছে হয়তো কিছু চেয়েছেন, না পেয়ে হয়তো মনও খুব খারাপ হয়েছে, এরপর অনেকদিন পরে ভেবে দেখলেন সেই চাওয়া পূরণ না হওয়াটাই আপনার জন্য ভালো হয়েছে।
وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
“পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জানো না।” (সূরাহ বাকারাহ, ২ : ২১৬)
বই: কাল আবার পাখিরা আকাশে উড়বে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন